পূজা দিতে সবাই মন্দিরে, ঘরের তালা ভেঙে সর্বস্ব লুট

পূজা দিতে গিয়ে ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়ালেন বাওয়ালী পরিবার। ঘরে তালা দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী মন্দিরে পূজা দিতে গেলে সেই ফাঁকে চোরেরা তালা ভেঙে নিয়ে যায় ৫ ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ টাকা।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। 

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামেরখন্ড গ্রামের বাসিন্দা নিউটন বাওয়ালী (৪২) তার স্ত্রী লাবনী বাওয়ালীকে (৩৬) নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দামেরখন্ড মন্দিরে পূজা দিতে যান। গেইট ও ঘরের দরজায় তালা দিয়ে তারা মন্দিরে যান।

ওই সময় চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে একটি আলমারি, একটি বড় ট্রাঙ্ক ও একটি ছোট ট্রাঙ্কের তালা ভেঙে আসবাবপত্র তছনছ করে। এরপর ঘরে থাকা ৫ ভরি ওজনের এক জোড়া রুলি, এক জোড়া শাখা, এক জোড়া পলা, দুইটি চেইন, একটি লকেট, ৬টি টিকলি, তিনটি কানেরদুল ও নাকফুল, একটি বাজু, একটি নুপুর এবং নগদ ৯৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

পূজা শেষ করে ঘরে এসে গৃহকর্তা-কর্ত্রী দেখেন সবকিছু তছনছও এলোমেলো।

তখন গৃহকর্ত্রী লাবনীর ডাক চিৎকার ও কান্নাকাটিতে আশপাশের লোকজন জড়ো হন। 

লাবনী বলেন, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যেই এ ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার ঘণ্টা দুই পর ঘটনাস্থলে যায় পুলিশ। তবে মন্দির আর চুরি হওয়া এ বাড়ির দূরত্ব কোয়াটার কিলোমিটারেরও কম।

এদিকে এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কোন ক্লু খুঁজে বের করতে পারেনি পুলিশ। 

চটেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. আলী রেজা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তা থেকে ঘরটি ভেতরে ও ফাঁকা জায়গায়। কীভাবে কে বা কারা এ ঘটনা ঘটাল তা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, তবে আমরা এদের (চোরদের) খুঁজে বের করার চেষ্টা করছি।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় পুলিশের তদন্ত চলছে।