বিশ্বকাপ প্রস্তুতির ক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারাটা কাজে দেবে বলে জানিয়েছিলেন স্বাগতিক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এক দিন আগেই। বাংলাদেশ সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের মুখেও একই কথা। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিতে পারেননি ভিসা জটিলতায়। যুক্তরাষ্ট্র থেকে তাহিতি হয়ে নিউজিল্যান্ডে যাওয়ার ট্রানজিট ভিসা পাননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে আনুষ্ঠানিক ফটোসেশনে সোহানকেই যেতে হলো। সেখানেই জানালেন এই সিরিজটি অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে কতটা কাজের হবে।
গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে এবার নানা পরিকল্পনাই করে দেখছে বাংলাদেশ। কোচ বদল, একাদশ বদল, এমনকি ক্রিকেটারদের ব্যাটিং পজিশন বদলও করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে শুধুই ক্যাম্প না করে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের সিরিজও খেলেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডে ক্রিকেটের দুই সেরা দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও অংশ নিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপ প্রস্তুতিটা বেশ ভালো হচ্ছে বাংলাদেশের, ‘এশিয়ার কন্ডিশনের চেয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশন পুরো আলাদা। আমাদের জন্য খুব ভালো সুযোগ যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা এরকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলছি এবং পাকিস্তান-নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। এটি বিশ্বকাপে আমাদের প্রেরণা জোগাবে। এই সিরিজের ইতিবাচক দিকগুলো কাজে লাগালে অবশ্যই আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে পারব।’
আরব আমিরাতে প্রায় ৪০ ডিগ্রির আবহাওয়ায় ম্যাচ খেলতে হয়েছে। কিন্তু নিউজিল্যান্ডে এখন তীব্র শীত। তাপমাত্রা এমনকি শূন্যে নামছে মাঝেমধ্যেই। ভিন্ন পরিবেশে গিয়ে শুরুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকে। সোহান জানালেন সবাই সে চেষ্টা করছে এবং কন্ডিশন কোনো অসুবিধার কারণ হবে না। লিংকনে অনুশীলন সুবিধা সোহানদের প্রতিকূল পরিবেশেও ভালো প্রস্তুতির সুযোগ করে দিয়েছে, ‘আমরা এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়া সত্ত্বেও দু’দিনের অনুশীলন ভালোভাবে করতে পেরেছি। প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। কালও (আজ) অনুশীলন করব। তো ম্যাচের আগে আমরা প্রস্তুতির দিক থেকে শতভাগ ঠিক আছি।’
কাল পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু বাংলাদেশের। প্রস্তুতি ভালো হলেও এই সিরিজে ফল নিয়ে ভাবছে না বাংলাদেশ। বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজেও নিজেদের পরিকল্পনার কিছু দেখে নেওয়ার লক্ষ্য আছে। সোহান জানালেন সেই পরিকল্পনা ও প্রক্রিয়া ঠিক করায় এ সিরিজে বাংলাদেশের প্রথম লক্ষ্য, ‘সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের সবার কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কী হবে তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দল হিসেবে খেলা।’
আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সোহানরা এতদিন যেসব পরিকল্পনা নিয়ে কাজ করেছেন তা সাকিব এশিয়া কাপের পর আজই চাক্ষুস দেখবেন। কালকের সংবাদ সম্মেলনে শেষদিকে সহ-অধিনায়ক বারবারই দল হয়ে খেলার কথা বললেন। কিন্তু সাকিব তো এতদিন দলের বাইরেই ছিলেন। তবুও সাকিব একজন পারফরমার। সঠিক জায়গায় ঠিকই জ্বলে ওঠেন। তার সঙ্গে দলের বাকিরা হাত মেলালে আরও একটি আন্তর্জাতিক সিরিজ থেকে ভালো কিছু নিয়ে বিশ্বকাপে যেতে পারবে বাংলাদেশ।