ঢাকায় ৩ দিন গান শোনাবেন কবীর সুমন

গানের কথায়-সুরে অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন তিনি! সিনা টানটান করে সমাজের সংগতি আর অসংগতিগুলোও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন এই গানের মাধ্যমেই। আবার দারুণভাবে বলতে পারেন প্রেমের কথাও। কারণ তার নাম কবীর সুমন। তার বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে একক গানের অনুষ্ঠান। তাও এক দিন নয়, তিন দিনব্যাপী। ১৫, ১৮ ও ২১ অক্টোবর তিনি আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল গাইবেন। কবীর সুমন শেষবারের মতো বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ঠিক ১৩ বছর পর তিনি আবার মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে। এমনটাই জানিয়েছে আয়োজকরা। শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজনটি টিকিট কেটে যে কেউ দেখতে পারবেন। আয়োজকদের ইভেন্ট পেজ ও কবীর সুমনের পেজ থেকে টিকিটের মূল্য জানিয়ে বলা হয়, শুক্র-শনিবারে আউটলেটে পৌঁছে যাবে টিকিট। আউটলেটগুলোর নাম আর কোথায় কোথায় পাওয়া যাবে টিকিট, সেটা আলাদা ঘোষণায় জানিয়ে দেওয়া হবে।