জান্তার ‘অস্ত্র কারবারিদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জান্তার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে মিয়ানমারের একটি ব্যবসায়ী গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বলেছে, জান্তার হয়ে অস্ত্র কেনাকাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিয়ানমারের ব্যবসায়ী অং মোয়ে মিন্ট, তার প্রতিষ্ঠিত ডাইনেস্টি ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও এর দুই পরিচালকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রতিষ্ঠানটি রাশিয়া ও বেলারুশ থেকে অস্ত্র এনে জান্তার কাছে সরবরাহ করত।   নিষেধাজ্ঞা আরোপের ফলে এই তিন নাগরিক ও কোম্পানিটির যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ হবে এবং যুক্তরাষ্ট্রের কেউ এদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বিবৃতিতে বলেছেন, ‘বার্মার সামরিক শাসকদের জন্য অস্ত্র সংগ্রহের নেটওয়ার্ক ও যুদ্ধের মাধ্যমে লাভবান হওয়াদের টার্গেট করেছি। নির্মম সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়া বার্মিজ সামরিক বাহিনীর সক্ষমতা কমাতে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।’  ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য মিয়ানমারের সামরিক বাহিনীর এক কর্মকর্তার ছেলে মিন্টের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। গ্রুপ জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেছেন, জান্তা প্রশাসনের অর্থ ও অস্ত্রের উৎস বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে।