মুন্সীগঞ্জ

দেয়ালচাপায় ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ সদরে দেয়ালচাপায় এক শ্রমিক ও টঙ্গীবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে ঘটনা দুটি ঘটে।

সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগরকসবা এলাকায় দেয়ালচাপায় নিহত শ্রমিকের নাম জসিম দেওয়ান (৩০)। তিনি জেলার টঙ্গীবাড়ি উপজেলার খিলপাড়া গ্রামের আয়নাল দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানায়, নগরকসবা এলাকার সাধন মিয়ার বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দুপুর ১২টার সময় অসাবধানতাবশত দেয়াল ভেঙে পড়লে চাপা পড়েন জসিম। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য শ্রমিকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার গোয়ালভাঙ্গা গ্রামে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু হাওলাদার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালভাঙ্গা জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মনু হাওলাদার জেলা সদরের আজিমপুরা গ্রামের মোতলেব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

স্থানীয়রা জানায়, গোয়ালভাঙ্গা জামে মসজিদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান মনু হাওলাদার। আকস্মিক বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।