শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষকে বাঘ ও হাতির আক্রমণ থেকে রক্ষায় জরুরি সচেতনতামূলক সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হলরুমে এ সভা হয়। সভায় সীমান্তের গাড়ো পাহাড় এখন গভীর জঙ্গলে পরিণত হওয়ায় বাঘ ও হাতির আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সে বিষয়ে গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার এবং সাবধানে পথ চলার জন্য মাইকিং করে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাঘের প্রজাতি চিহ্নিত করতে একটি টিম গঠন করা হয়েছে। এ ছাড়া কোনো অবস্থাতেই বাঘ হত্যা করা যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, গত এক সপ্তাহে ওই উপজেলার বাঁকাকুড়া, পশ্চিম বাঁকাকুড়া, গান্ধীগাঁও, হালচাটি ও ছোট গজনী গ্রামের ১০টি ছাগল খেয়েছে বাঘ। আহত করেছে দুটি ভেড়া ও গরু। ফলে ওইসব গ্রামের মানুষ এখন বাঘ আতঙ্কে রয়েছে। গ্রামের বাসিন্দারা জানায়, বাঘগুলো দেখতে লম্বা প্রায় ৪ ফুট ও উচ্চতা প্রায় ৩ ফুট।