জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
টুঙ্গিপাড়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি তার বড় ছেলে ইঞ্জিনিয়ার রেদওয়ান আহমেদ তৌফিক এমপি এবং বঙ্গভবনের কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডে অন্যান্য শহীদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় মোনাজাতে যোগ দেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সেই সঙ্গে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এর আগে রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি সেখানে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, যিনি তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন।
রাষ্ট্রপতির মোটরবহর পদ্মা সেতু অতিক্রম করে বিকেল ৪টা ৩৫ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছায়। সেতুতে ওঠার পর আবদুল হামিদ তার গাড়ি থেকে নেমে প্রমত্তা পদ্মা নদীর দৃশ্য উপভোগ করেন। তিনি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
পদ্মা সেতু উদ্বোধনের পর এটি অতিক্রম করে রাষ্ট্রপতি প্রথম টুঙ্গিপাড়া সফর করলেন। বাসস