ফরিদপুরের নগরকান্দায় শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে মেয়ের জামাই ইউনুস মোল্যার বিরুদ্ধে।
শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিলে শাশুড়ি রহিমা বেগম ঘর থেকে বাহির যান। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মেয়ের জামাই ইউনুস মোল্যা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় শাশুড়িকে। এসময় চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যায়। পরে রহিমা বেগমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তবে, কি কারণে এ হত্যাকাণ্ড তা বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।