ঝিনাইদহের শৈলকুপায় রাতে এক কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ মোল্লার দাবি, সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাসুদ মোল্লা বলেন, আমি গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ২৫ কাঠা জমিতে প্রায় ৭০০ কলাগাছ লাগিয়েছিলাম। শুক্রবার রাতে প্রায় সব কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সকালে গিয়ে দেখি কলাগাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। আমার খুব ক্ষতি হয়ে গেল।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতের আঁধারে কলাগাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।