বন্যার্তদের বহনকারী নৌকাডুবে নাইজেরিয়ায় নিহত ৭৬

বন্যাদুর্গত নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

শুক্রবার (৭ অক্টোবর) অ্যানামব্রা রাজ্যের ওগবারু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানিয়েছেন, শুক্রবার (৭ অক্টোবর) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ আশ্রয়স্থলে যাচ্ছিলেন।একপর্যায়ে নৌকাটি ডুবে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন বন্যাদুর্গত মানুষ ছিলেন।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট অনুসন্ধান অভিযান চালাচ্ছে। নৌকায় যারা ছিলেন, তাদের বেশির ভাগই নারী ও শিশু।

নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রায় এ বছর প্রবল বন্যা হয়েছে। পানিতে বাড়িঘর, ফসল ও রাস্তা ভেসে গেছে এবং অন্তত অর্ধ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।