নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা, নিহত ২৯

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে রাতে ঘুমন্ত গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) গুইয়াকু গ্রামে এ ঘটনা ঘটে। পরে টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।

সরকারি সূত্র জানায়, রাতে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। হামলার পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার (২৭ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।

একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত