দেড় যুগ পর ডিসেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

ঘটনাটা গত বছরের। সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল নিউজিল্যান্ডের। তাতে ২০০৩ সালের পর ঘরের মাঠে কেন উইলিয়ামসনদের সঙ্গে খেলার সুযোগ তৈরি হয়েছিল বাবর আজমদের। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে দিয়েছিল কিউইরা।

এবার মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের আলোচনায় কিউইদের পাক সফর। দেড় যুগ পর দুই টেস্ট, আট ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। চলতি বছরের শেষ দিকে দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান সফর করবে কিউইরা। এ সফরে চারটি ভিন্ন শহরে খেলবে তারা।

দুই দফার পাকিস্তান সফরে প্রথমে ডিসেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এ দুই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে ওয়ানডে তিনটি আবার বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। আগামী বছরের এপ্রিল-মে মাসে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আবার পাকিস্তান যাবে কিউইরা।

আগামী ২৭ ডিসেম্বর করাচিতে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরে ৪ জানুয়ারি থেকে মুলতানে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর আবার করাচিতে ফিরে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি বিশ্বকাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। যা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এরপর দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে গিয়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার হবে লাহোরে, যথাক্রমে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল তারিখে। এরপর ২৩ এপ্রিল করাচিতে হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

এই সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচ হবে করাচিতেই, ২৬ ও ২৮ এপ্রিল। পরে রাওয়ালপিন্ডি গিয়ে ১, ৪ ও ৭ মে শেষ তিন ওয়ানডে খেলে দুই দফার পাকিস্তান সফর শেষ করবে নিউজিল্যান্ড। সোমবার আনুষ্ঠানিকভাবে এ সূচি প্রকাশ করেছে পাকিস্তান।