নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ২ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন (৫০) ও উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. রুহুল আমিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সিংড়া উপজেলার বামিহাল বাজারে আধিপত্য বিস্তারের জেরে সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েক জন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দশােপাড়ার বাড়িতে হামলা চালায়। এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। তারা আফতাবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় স্থানীয়রা আফতাবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মো. রুহুল আমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।