স্বাধীনতার জন্য স্কটল্যান্ডে ফের গণভোটের ইঙ্গিত

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের ইঙ্গিত দিয়েছেন অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন। গত রবিবার তিনি বলেছেন, আগামী বছরের অক্টোবরে অঞ্চলটির স্বাধীনতা নিয়ে দ্বিতীয় দফায় গণভোট হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করার পক্ষে বিপক্ষে গণভোট হয়েছিল ২০১৪ সালে। তখন যুক্তরাজ্যে থেকে যাওয়ার পক্ষে গিয়েছিল ৫৫ শতাংশ ভোট। তবে এখন স্কটিশ ন্যাশনাল পার্টির যুক্তি হলো, ওই গণভোটের দুই বছরের মাথায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এ কারণে স্কটিশদের মানসিকতায় বদল এসেছে। গত বছর স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে ভোটাররা অঞ্চলটির স্বাধীনতার পক্ষের দলগুলোর প্রতি তাদের সমর্থনের জানান দিয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলা স্টারজিওন বলেন, ‘আসুন অপেক্ষা করি। স্কটল্যান্ড স্বাধীন হতে চলেছে।’