ব্যাংকগুলোকে আমদানি পণ্যের মূল্য যাচাই-বাছাই করে লেনদেন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আমদানি কার্যক্রম পরিচালনার আগেই আন্তর্জাতিক বাজার দর কিংবা সমসাময়িক সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন তা নিশ্চিত হয়ে ব্যাংকগুলোকে লেনদেন করতে হবে। পাশাপাশি আমদানি বাণিজ্য বিষয়ে প্রযোজ্য বিধিবদ্ধ কার্যক্রম, আমদানি নীতি আদেশের বিধান, বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্টস, কেওয়াইসি, এএমএল ও সিএফসিবিষয়ক মান পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে পণ্যের দাম ওঠানামা করেছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে মূল্য যাচাই করতে বলা হয়েছে, যেন ন্যায্য দামে পণ্য আমদানি করতে পারে।
এর আগে গত মে মাসে বৈদেশিক মুদ্রা খরচ করে কেনা পণ্য বিদেশ থেকে দেশে আসছে কি না তা নিশ্চিত হতেই এখন থেকে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, পণ্য আমদানিতে শিপমেন্ট (জাহাজ, কন্টেইনার) ট্র্যাকিং বাধ্যতামূলক। এটি নিশ্চিত হয়েই সব ধরনের অর্থ পরিশোধ করতে হবে। ‘ট্রেডবেইজড মানিলন্ডারিং’ বা বাণিজ্যে অর্থপাচার প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হলো ডলারের দামের ঊর্ধ্বগতির মধ্যে।