দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। শেষ ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতা। তাতেই অনেকটা চাপমুক্তই মনে হলো শ্রীলংকার অধিনায়ক চামারাই আথাপাত্তু। খেললেন প্রায় ১৫৮ স্ট্রাইক রেটের দুর্দান্ত এক ইনিংস। তবে পাননি যোগ্য কোনো সঙ্গী। তাতে এমন ঝড়ো শুরুর পরও পাকিস্তানের বিপক্ষে নারী এশিয়া কাপের শেষ ম্যাচে থামতে হয়েছে মাত্র ১১২ রানে। বিসমাহ মারুফরাও ম্যাচটি জিতে নিয়েছেন ৫ উইকেটের ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক। সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা তার আগ্রাসী ব্যাটিং দেখেই প্রমাণ মিলেছে। ৯ চারে ২৬ বলে খেলেন ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস।
তবে আথাপাত্তু পাননি যোগ্য কোনো সঙ্গী। তিনি ছাড়া কেবল হাসিনি পিরারা খেলেছেন ১০০ স্ট্রাইক রেটে। ১৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। ছিল দুটি চারের মার। কাভিশা দিলহারি ১৩ বলে ১১ এবং অশাদি রানাশিঙ্গে ২৯ বলে তিন চারে খেলেন ২৬ রানের ইনিংস। অতিরিক্ত ১০ রান যুক্ত হওয়ার পরও মাত্র ১১২ রানেই থেমে যায় লংকানরা।
পাকিস্তানের হয়ে উমাইমা সোহেল ১৩ রান খরচায় ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া তুবা হাসান দুটি এবং নিদা দার একটি উইকেট লাভ করেছেন।
১১৩ রানের সহজ লক্ষ্য পেরুতে শুরুটা ছিল বেশ আগ্রাসী। পাওয়ার প্লেতে তারা তুলে নেন ৩৬ রান। তারপর থেকেই রানের গতি কমতে থাকে। তাতে জয় নিয়ে ফিরতে বেগ পেতেই হয়েছে পাকিস্তানকে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন সিদ্রা আমিনরা।