খোলামেলা বলেননি, তিনি উভকামী। তবে সে কথা ইঙ্গিতে জানিয়ে দিলেন এমিলি র্যাটাকাউস্কি। হলিউডজুড়ে চলছে গুঞ্জন। ইদানীং নাকি ব্র্যাড পিটের সঙ্গে সময় কাটাচ্ছেন এমিলি। তার মাঝেই সোমবার টিকটকে 'নিজের উভাকামী যৌনসত্তা' নিয়ে জোরালো ইঙ্গিত দিয়ে বিস্ফোরণ ঘটান 'গন গার্ল'-এর এ অভিনেত্রী।
টিকটকে কী করেছেন এমিলি? বিশেষ কিছুই না! তিনি যে একটি সবুজ ভেলভেটের সোফায় বসেছিলেন, তা-ই দেখিয়ে দিয়েছেন এক অনুরাগীকে। তাতে কী করে জানা যায় যে, এমিলি উভকামী কি না? আসলে, এমিলির কাছে তার এক অনুরাগীর প্রশ্ন ছিল, 'নিজেকে যদি উভকামী মনে করেন, তা হলে কি একটা সবুজ ভেলভেটের সোফা পছন্দ করবেন?' এর জবাবে কিছু না বলে টিকটকের ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে এমিলি দেখিয়ে দিয়েছেন, একটি সবুজ ভেলভেটের সোফায় বসে রয়েছেন।
প্রসঙ্গত, এই প্রশ্নে সবুজ রঙের বিশেষ তাৎপর্য রয়েছে। যৌনসঙ্গী হিসাবে চিরাচরিত নারী ও পুরুষ জুটির গণ্ডির বাইরে বেরিয়ে যারা সমযৌনসত্তার মানুষকে বেছে নেন বা তাদের প্রতি আকৃষ্ট হন, সবুজ রঙের মাধ্যমে তাদের পরিচয় বোঝানো হয়। হলিউডের ধারণা, নিজের যৌনপরিচয় এভাবেই দিলেন এমিলি।
যদিও মাসখানেক হলো তার সঙ্গে ব্র্যাড পিটের রসায়ন নিয়ে বেশ মুচমুচে গল্প ছড়িয়েছিল। দুজনেই বিবাহবিচ্ছেদের মামলার ঝামেলা বয়ে বেড়াচ্ছেন। ২০১৬ সালের অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে বিচ্ছেদের মামলা শুরু হয়েছিল ব্র্যাডের। অন্যদিকে, সেবাস্তিয়ান বিয়ার-ম্যাক্লার্ডের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকেছেন এমিলি। এরই মাঝে পরিচিতদের মাধ্যমে ব্র্যাডের সঙ্গে পরিচয় তার। দুজনে প্রকাশ্যে ঘোরাফেরা না করলেও সে সম্পর্ক নাকি বেশ জমেছে। তা নিয়ে সম্প্রতি হলিউড মজে উঠতে শুরু করেছিল বটে। তবে এবার বলাবলি চলছে, ম্যাডোনার পর হলিউডে আরো এক খ্যাতনামা নিজের 'যৌনপরিচয়' জানিয়ে দিলেন। সূত্র : হলিউডলাইফ ডটকম