সাফজয়ী ফুটবলার সাথী, ইতিকে মাগুরায় সংবর্ধনা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য মাগুরার কৃতীসন্তান সাথী বিশ্বাস ও ইতি রানীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা। বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাথী বিশ্বাস ও ইতি রানীর প্রশিক্ষক শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেবজ্যোতি ও শহীদুল ইসলাম।

ফুটবলার সাথী বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে দেশে ফিরে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি, যা কখনো ভোলার নয়। সবার ভালোবাসা পেয়ে বিমোহিত।

ইতি রানী বলেন, মানুষের এত ভালোবাসা আগে কখনো পাইনি। সকলের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় ভবিষ্যতে আরও ভালো ফুটবল খেলা উপহার দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

অনুষ্ঠান শেষে কৃতী এ দুই ফুটবলারের হাতে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট ও ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ইতি রানী ও সাথী বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত এলাকা গোয়ালদহের দরিদ্র পরিবারের সন্তান। নেপাল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে তারা অতিরিক্ত গোলরক্ষক হিসেবে জাতীয় দলে ছিলেন। স্থানীয় গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফুটবল কোচ প্রভাষ চন্দ্র দেবজ্যোতির কাছে প্রথম ফুটবলের প্রশিক্ষণ নেন। পরে তারা ফুটবলার হিসেবে জেলা ও বিভাগীয় পর্যায়ে একের পর এক সাফল্য অর্জন করেন। এরপর বিকেএসপিতে প্রশিক্ষণ শেষে জাতীয় দলে খেলার গৌরব অর্জন করেন।