টাইগারদের একাদশে তিন পরিবর্তন, ফিরলেন সৌম্য

ঘরের মাঠে গত বছর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এর বাইরে কিউদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আর কোনো জয় নেই। চার দিন পর অস্ট্রেলিয়ায় শুরু হতে সীমিত সংস্করণের বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন ক্রাইস্টচার্চের হেগলি ওভালে রয়েছে টাইগাররা। আজ সকাল ৮ টায় শুরু হয়েছে সিরিজের পঞ্চম ম্যাচটি। মাঠে নামার আগে দুই দলেই এসেছে তিন পরিবর্তন।

নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে গিয়ে টাইগারদের ফাইনালে খেলার আশা প্রায় শেষ। তবে সিরিজটি টাইগারদের কাছে বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি। তাই ক্রিকেটারদের পরখ করে দেখছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় দেখায় তাই একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন।

এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে মেকশিফট ওপেনার হিসেবে দলে থাকা মেহেদী হাসান মিরাজকে আজ একাদশের বাইরে রাখা হয়েছে। একাদশে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদেরও।

এছাড়া কিউইরাও দলে এনেছে তিন পরিবর্তন। ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে রাখেনি দলটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকেও। তার বদলে টস করতে নেমেছিলেন টিম সাউথি। দলে এসেছে আরও দুই পরিবর্তন। একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্লায়ার টিকনার ও মাইকেল সেন্টনার। তাদের বদলী হিসেবে মাঠে নামানো হয়েছে মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।