নিউজিল্যান্ডের মাটিতে ৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টাইগারদের জয় নেই একটিতেও। প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামা টাইগাররা আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে তার পরিকল্পনাতে যেন জল ঢেলে দিয়েছেন কিউই ব্যাটাররা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৫৪ রান।
সিরিজে প্রথমবার একাদশে জায়গা পাওয়া সাইফউদ্দিনকে দিয়ে ইনিংসের প্রথম ওভারটি করিয়েছিলেন সাকিব। এক চারসহ সে ওভার থেকে আসে ৮ রান। দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম এসে দিলেন আরও ৯ রান। বাধ্য হয়ে সাকিব তৃতীয় ওভারে বোলার বৈচিত্রের পথ বেছে নেন। তৃতীয় ওভারে নিয়ে আসেন দলে ফেরা এবাদত হোসেনকে।
তবে আস্থার প্রতিদান দিতে পারেননি এই পেসার। প্রথম দুই বলে কোনো রান না দিলেও তৃতীয় বলে হজম করেন ছক্কা। চতুর্থ বল ডট দিলেও পঞ্চম বলে ফের ছক্কা হজম করতে হয় তাকে। শেষ বলে ফিন অ্যালেন নিলেন তিন রান। তাতে নিজের প্রথম ওভারে ১৫ রান হজম করতে হয় এবাদতকে।
চতুর্থ ওভারে আর কারও ওপর ভরসা করেননি। নিজেই বল হাতে তুলে নেন। সেই ওভার থেকে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৯ রান। পরের ওভারে নতুন কোনো বোলারকে ডাকেননি। শরিফুলের হাতে বল তুলে দেন। আগ্রাসী ব্যাটে খেলতে থাকা ফিন অ্যালেন প্রথম বলেই মারলেন চার।
দ্বিতীয় বলে শরিফুলে শর্ট লেঙ্গথের ডেলিভারিটি মিডউইকেট দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন ফিন অ্যালেন। তবে সেখানে দাঁড়িয়ে থাকা ইয়াসির রাব্বি তা তালুবন্দী করে নেন। কিউইদের ৪৫ রানে টাইগারদের প্রথম ব্রেক থ্রো আসে। ফেরার আগে অ্যালেন ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন।
প্রথম ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৪ রান। ডেভন কনওয়ে ১৩ রানে ও মার্টিন ২ রানে অপরাজিত ছিলেন।