নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আধুরীয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থী নাফিজ উপজেলার মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে। নাফিস পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও দুলাল মিয়া ব্রহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মক্কা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ওমর ফারুক জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল নয়টার দিকে ভুলতা এলাকা থেকে সিএনজি যোগে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন নাফিজ। ওই সিএনজিতে চালকসহ আরও দুইজন যাত্রী ছিল। সিএনজিটি আধুরিয়া এলাকায় পৌঁছানো মাত্র একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমরে-মুচরে খালে পড়ে যায়।
ঘটনাস্থলেই নাফিজ ও দুলাল মিয়া মারা যান। চালকসহ এক যাত্রী গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত সিএনজি ও নিহতদের লাশ উদ্ধার করেন। নিহতদের লাশ ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পে রয়েছে।
এ ব্যাপারে নিহত কলেজ শিক্ষার্থী নাফিজের চাচা সুমন মিয়া জানান, দুর্ঘটনার ব্যাপারে তারা কোনো মামলা করবেন না।