নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হর-তকীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফিরোজ আহমেদ (৪৮) উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

র‌্যাব জানায়, গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ওই দিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

রাজশাহীর এক বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ওই পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত ফিরোজ আহমেদ পালিয়ে যায়।

পরে র‌্যাব গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হর-তকীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আটককৃত আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।