কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষ প্রার্থী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সংক্রান্তে মুহাম্মদ দেলোয়ার হোসেন কুমিল্লার জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের হাতি প্রতীকধারী প্রার্থী মো. সাজ্জাদ হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপহার বিতরণ করেছেন। এমনকি তিতাস-হোমনার স্থানীয় এমপি সেলিমা আহম্মেদ মেরী তার দূর সম্পর্কের মামা মো. সাজ্জাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং স্থানীয় ওয়ার্ডের ভোটারদের তার জনসভায় উপস্থিত থাকার জন্য প্রভাবিত করছেন বলে লিখিত অভিযোগ করেছেন।
তালা প্রতীকধারী প্রার্থী মুহাম্মদ দেলোয়ার হোসেন লিখিত অভিযোগে আরও বলেন, স্থানীয় এমপি সেলিমা আহম্মেদ মেরীর লোকজন তিতাসে তার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে। এমতাবস্থায় তিনি জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা বিধানের আবেদন জানিয়েছেন।
মুহাম্মদ দেলোয়ার হোসেন অভিযোগ করেন গত ১০ অক্টোবর স্থানীয় এমপি সেলিমা আহম্মেদ মেরী তার নির্বাচনী এলাকা নারান্দিয়া ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী পাঠায় যাতে মুহাম্মদ দেলোয়ার হোসেন কোন নির্বাচনী প্রচার চালাতে না পারে। এমতবস্থায় তিনি প্রাণের ভয়ে নিজ বাড়ি ভিটিকান্দি গ্রামে চলে আসেন। এই অবস্থায় তিনি জেলা প্রশাসক, নির্বাচন কমিশনার ও রিটানিং অফিসারের কাছে তার জীবনের নিরাপত্তা বিধানের আবেদন জানান।