রাজমুকুট মাথায় উঠবে মে-তে

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উদযাপনের তারিখ ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস। আগামী বছর ৬ মে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজাকে মুকুট পরানো হবে। রাজ্যাভিষেকের দিন ‘কুইন কনসোর্ট’ ক্যামিলাও তার পাশে থাকবেন এবং ঐতিহাসিক অনুষ্ঠানে তার মুকুট পরবেন।

প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, রাজার বর্তমান ও ভবিষ্যৎ ভূমিকা প্রতিফলিত করতে প্রাচীন প্রথা ও আধুনিকতার মিশেলে হবে চার্লসের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। তিনি রাজা চার্লসের মাথায় মুকুট পরিয়ে দিয়ে তাকে অভিষিক্ত এবং আশীর্বাদ করবেন।

ব্রিটিশ রাজপরিবারের নিয়মানুযায়ী রাজা বা রানীর অভিষেকের পর তারা চতুর্দশ শতাব্দীর রাজা এডওয়ার্ডের সময়কার সিংহাসনে বসেন। তাদের মাথায় সপ্তদশ শতাব্দীর সেন্ট এডওয়ার্ডের মুকুট পরানো হয়।

গত মাসে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজপরিবারের নিয়মানুযায়ী সঙ্গে সঙ্গেই রাজা ঘোষিত হন। তবে আসছে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার্লসের নতুন রাজত্বের প্রতীকী উদ্যাপন হবে।

ব্রিটেনে নতুন রাজা বা রানীর অভিষেক অনুষ্ঠানটি সাধারণত রাজা-রানীর নাম ঘোষণার কয়েক মাস পরে অনুষ্ঠিত হয়ে থাকে। রানী এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন ১৯৫২ সালে, কিন্তু ১৯৫৩ সালের জুনের আগে তার অভিষেক হয়নি। গত ৯০০ বছর ধরে অভিষেক অনুষ্ঠান হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। উইলিয়াম দ্য কনকয়্যারার ছিলেন প্রথম রাজা, যার অভিষেক হয়েছিল সেখানে। আর চার্লস হবেন ৪০তম রাজা।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে প্রায় ৭০ বছর পর একটি রাজ্যাভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৫৩ সালের জুনে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়েছিল।

আগামী বছর রাজ্যাভিষেক উদযাপনের সময় চার্লসের বয়স হবে ৭৪ বছর। রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার বয়সের দিক থেকে তিনি সবচেয়ে বেশি বর্ষীয়ান। ৬ মে দিনটি চার্লসের নাতি এবং প্রিন্স হ্যারি ও মেগানের ছেলে আর্চিরও চতুর্থ জন্মদিন।

অনুষ্ঠানে ব্যয় কম রাখতে চেয়েছেন খোদ চার্লস। এজন্য তার রাজ্যাভিষেকে ২ হাজার ২০০ অতিথি থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যেখানে রানী এলিজাবেথের অভিষেকের সময় ছিলেন ৮ হাজার অতিথি।