কক্সবাজারে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কক্সবাজার শহরে মো. ওসমান (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের মোহাজাহের পাড়া সংলগ্ন টাংকি পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান শহরের মোহাজেরপাড়ার মৃত নূর আহাম্মদের ছেলে। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

প্রতিবেশীরা জানান, মো. ওসমান তার নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বন্ধুরা মিলে তার বাড়িতে আড্ডা দিতেন। বুধবার রাতেও কয়েকজন বন্ধুর সঙ্গে গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা ও ও লুডু খেলেছেন। সকালে তার এক ভাগনি ঘরের লাইট বন্ধ করার জন্য বাড়িতে ঢুকলে একটি কক্ষে ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারিরা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সিআইডির ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।