মা ইলিশ সংরক্ষণে অভিযানে গিয়ে বরিশালের হিজলায় হামলার শিকার হয়েছেন মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ২০ জন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের
খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশদস্যসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পিডবোট নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যায়। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের
কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। এ সময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিত শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই আকস্মিক হামলায় আমরা ২০ জন সবাই কম-বেশি আহত হই। আর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন থানা পুলিশের কনেস্টবল মাহফুজ।
এই হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের আভিযানিক দলকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টবল মাহফুজ গুরুতর আহত হয়েছেন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলায় অভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হাওলাদার বলেন, নিয়মিত অভিযানে জেলেরা পুলিশসহ অভিযনিক দলের ওপর হামলা করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে। হামলায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।