ঋতু পরিবর্তনের সময় খাওয়া-দাওয়ার দিকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শাকসবজি ও ফলের সালাদ খাওয়া ভালো। তাতে শরীর যেমন পুষ্টি পায়, নানা রঙে ভরা সেই খাবার মনও ভালো করে। তাই বলে কাঁচা সবজির সালাদ খেলে হবে না। প্রচুর ক্যালরি ভরা ড্রেসিং মেশানো সালাদ তো নয়ই।
উপকারিতা
শাকসবজি ও ফলে রয়েছে নানা উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, যা পুষ্টি জুগিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঋতু পরিবর্তনের সময় যে হাঁচি-কাশি হওয়ার প্রবণতা দেখা দেয়, তা নিয়ন্ত্রণে থাকে এর সাহায্যে। পাশাপাশি কর্মক্ষমতাও বাড়ায় এই খাদ্য। সার্বিক পুষ্টি বাড়িয়ে পেট, ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে সালাদ।
যেভাবে বানাবেন
যেকোনো শাকসবজি ও ফল ব্যবহার করতে পারেন। ব্রোকলি, বেল পেপার, মটরশুঁটি, বিনস, টমেটো, বিট, গাজর, পালং শাক, ভুট্টা যা পাওয়া যায়, সবই রাখুন ঘুরিয়ে-ফিরিয়ে। এসব সবজি ছোট করে কেটে, ভাপিয়ে নিন। পানি বেশি দেবেন না। এবার এক চামচ অলিভ অয়েলে অল্প আদা কুচি, কয়েক কোয়া রসুন নাড়াচাড়া করে নিন। সেই তেলে সেদ্ধ করা সবজি ফেলে অল্প নাড়–ন। মাঝেমধ্যে স্বাদ বদলাতে আদা-রসুনের সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন।
কখন খাবেন
পুষ্টিবিদরা জানান, যেকোনো সময় সালাদ খাওয়া যায়। তবে দিনের প্রথম খাবারের ওপরে সবচেয়ে জোর দেওয়া প্রয়োজন। পুষ্টিকর খাবার খাওয়া ভালো সে সময়। তাহলে কাজ করার ক্ষমতা বাড়ে। ইচ্ছা হলে একাধিকবার সালাদ খেতে পারেন। তাতে উপকারের পাল্লা আরও ভারী হয়।