মধ্যপাড়া খনিতে সাড়ে ৪ মাস পর পাথর তোলা শুরু

পাথর উত্তোলনের জন্য অতি প্রয়োজনীয় অ্যামোনিয়াম নাইট্রেট না থাকায় দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র ভূগর্ভস্থ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উৎপাদন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাথর উৎপাদন কাজে ব্যবহৃত অন্যতম প্রধান উপাদান এক্সপ্লোসিভ (বিস্ফোরক) আসায় (দ্বিতীয় শিফট) বিকেল থেকে পাথর উত্তোলন শুরু হয়। ফলে খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

খনি সূত্রমতে, খনি ভূগর্ভে পাথর উৎপাদন কাজে এক্সপ্লোসিভ (ইমালশন) সংকটে পড়ে গত ১ মে মাস থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে অ্যামোনিয়াম নাইট্রেটসহ (বিস্ফোরক) সংকটে পড়ে ১২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত উৎপাদন বন্ধ ছিল। সরবরাহ স্থিতিশীল রাখতে প্রতি তিন মাস অন্তর এক্সপ্লোসিভ আমদানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা। খনি কর্তৃপক্ষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিস্ফোরকের  জোগানও দিতে পারছিল না। খনির উৎপাদন ঠিকাদার জিটিসি’র অধীনে কর্মরত সাড়ে ৭শ’ খনি শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। পাথর না থাকায় বন্ধ হয়ে যায় বিক্রি কার্যক্রমও। অন্যদিকে, খনি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে জিটিসি’র মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছিল।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান বলেন, খনিতে গত বুধবার উৎপাদনের জন্য প্রয়োজনীয় ১০০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক পৌঁছেছে। আশা করা হচ্ছে, আগামী ৬ মাস নিরবচ্ছিন্ন খনি পরিচালনা করা যাবে।