রূপচর্চার কথা বলে ডেকে ধর্ষণে গ্রেপ্তার দুই বিশ্ববিদ্যালয়ছাত্র

রাজধানীর শুক্রাবাদে রূপচর্চা করানোর কথা বলে এক পারলার কর্মীকে বাসায় ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শের-ই বাংলা থানা পুলিশের চালানো অভিযানে আটক এই দুজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তারা হলো মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)। পুলিশ বলছে, ধর্ষণের ঘটনার সঙ্গে তারা সরাসরি জড়িত। এছাড়া ওই ঘটনায় জড়িত এক নারীসহ আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ধর্ষণের শিকার ওই নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচএম আজিজুল হক জানান, শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পার্লার কর্মীকে বাসায় ডেকে ধর্ষণের ঘটনায় গতকাল ভোরে ঢাকা থেকে রিয়াদ ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বখে যাওয়া শিক্ষার্থী।