অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমনি অভিনীত 'মা' সেন্সর ছাড়পত্র পেয়েছে গতকাল বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধভিত্তিক একটি গল্পের ওপর নির্মিত এই সিনেমায় পরীমনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত পরীমনি- বলেন, 'আমার জন্য মা শুধু সিনেমা না, একটা ইমোশন। অনেক আবেগ জড়িত মা সিনেমার সঙ্গে। যখন মা সিনেমায় চুক্তি করি, তখন রাজের সঙ্গে আমার পরিচয় হয়নি। বেশ পরে যখন আমি এই সিনেমার শুটিং করতে যাই, তখন আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা। বুঝতেই পারছেন, এর সঙ্গে কত স্মৃতি, আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে।'
তিনি আরো বলেন, 'মা সিনেমাটি সব শ্রেণির দর্শকদের জন্য আমার উপহার।'
পরিচালক অরণ্য আনোয়ার বলেন, 'সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায় আমি ভীষণ খুশি। এই সিনেমায় ১৯৭০ ও ১৯৭১ সালের চিত্র উঠে এসেছে। মা সিনেমায় পরীমনি বিরাট চ্যালেঞ্জ নিয়েছেন। কেননা, এখানে তিনি এক মায়ের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। দর্শকরা এক অন্য পরীমনিকে দেখবেন এই সিনেমায়।'
অরণ্য পুলকের প্রথম প্রযোজিত এই সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমন প্রশ্নে জবাবে পরিচালক অরণ্য আনোয়ার বলেন, 'কেবলই তো সেন্সর পেল। সবাইকে নিয়ে আলোচনা করে শিগগিরই জানাব কবে মুক্তি দেব।'