দিওয়ালিতে ফের মুখোমুখি শাহরুখ-সালমান

দিওয়ালিতে আবারো মুখোমুখি শাহরুখ এবং সালমান খান। ফের চলবে সেয়ানে সেয়ানে টক্কর। এই তো দুই অভিনেতার সদ্ভাব হয়ে গিয়েছিল। পরস্পরের ছবিতে ক্যামিও হিসেবে কাজও করছিলেন। তাহলে আচমকা কী হলো? আসলে এই বছর দীপাবলির দিনেই দুই খানের ছবি 'পাঠান' এবং 'কিসি কা ভাই কিসি কি জান'-এর মধ্যে জোরদার টক্কর চলবে। না, ২৪ অক্টোবর এই দুই সুপার মুভি রিলিজ করছে না। বরং শাহরুখ খানের 'পাঠান' সিনেমার টিজার এবং সালমান খানের 'কিসি কা ভাই, কিসি কি জান' ছবির ট্রেলার রিলিজ করতে চলেছে। কোনটা দর্শকের মনে বেশি ছাপ ফেলে সেটাই দেখার।

কভিডপরবর্তী সময়ে খানেদের এই মেগা টক্কর দেখা যায়নি। তবে মহামারি পেরিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে পৃথিবী। বলিউডও ধীর পায়ে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও দক্ষিণী ছবির দাদাগিরি এখনো থামেনি। ভুল ভুলাইয়া ২, ব্রহ্মাস্ত্র, বিক্রম বেদার মতো ছবিগুলো বলিউডের পালে কিছুটা হওয়া যোগাচ্ছে ঠিকই। তবে পুষ্পা ২, কেজিএফ ৩-এর মতো ছবিগুলো রিলিজ করার পর আবারো বলিউড খানিকটা পিছিয়ে যেতে পারে বলে মত সিনে বিশেষজ্ঞদের।

তবে এই পরিস্থিতিতে খানেদের এই যুদ্ধ বলিউডের সুদিন ফেরাতে পারে বলে মনে করা হচ্ছে। নয়ের দশক থেকেই খানেদের বিরাট ফ্যান বেস। শাহরুখ এবং সালমানের ফ্যান বেস বরাবরই আলাদা। এই দুই তারকার অনুরাগীদের মধ্যে একটা রেষারেষি কাজ করে। স্বাভাবিকভাবেই এই আবেগকে কাজে লাগানোর চেষ্টা হবে। যা ক্লিক করে গেলে দুই তারকার ছবিই হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

চার বছর পর সিলভার স্ক্রিনে ফিরছেন শাহরুখ খান। 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'-র মতো ছবির হাত ধরে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তনের জেরে বেজায় খুশি অনুরাগীরা।

এদিকে সালমান খানও কিন্তু বছরখানেক পরে বলিউডি ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন। ২০২১ সালে শেষবার 'অন্তিম' ছবিতে দেখা গিয়েছিল তাকে। যদিও হালে 'গডফাদার' নামের তেলুগু ছবিতে কাজ করেছেন সালমান। তবে নায়ক হিসেবে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় সকলেই। সূত্র : হিন্দুস্তান টাইমস