প্রেসিডেন্ট শির বিরুদ্ধে পেইচিংয়ে বিরল বিক্ষোভ

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ও তার সরকারের কঠোর করোনাবিধির বিরুদ্ধে দেশটির রাজধানী পেইচিংয়ে বিরল বিক্ষোভ হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের প্রাক্কালে বিরল এ বিক্ষোভ হলো। আগামীকাল রবিবার থেকে এই কংগ্রেস শুরু হচ্ছে। কংগ্রেসে ৬৯ বছর বয়সী শি চিনপিং তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন।

গতকাল বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা যায়, পেইচিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিক্ষোভকারীদের দুটি বড় ব্যানার ঝুলছে। একটি ব্যানারে লেখা ছিল ‘কোনো কভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনো বিধিনিষেধ নয়, আমরা স্বাধীনতা চাই। কোনো মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই। কোনো নেতা নয়, আমরা ভোট চাই। দাস না হয়ে আমরা নাগরিক হতে চাই।’

আরেকটি ব্যানারে অধিবাসীদের স্কুল ও কর্মক্ষেত্রে ধর্মঘট শুরুর আহ্বান জানানো হয়। প্রেসিডেন্ট শি চিনপিংকে স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বলা হয়। ভিডিওতে দেখা যায়, সেতু থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এক ব্যক্তিকে লাউডস্পিকারে বিক্ষোভের স্লোগান দিতে শোনা যায়। তবে বিবিসি বলছে, কর্র্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ দ্রুত বন্ধ হয়ে যায় বলে প্রতীয়মান হয়।

পেইচিংয়ে অনুষ্ঠেয় চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে প্রায় ২ হাজার ৩০০ শীর্ষ কর্মকর্তা ও দলীয় প্রতিনিধি অংশ নেবেন। কংগ্রেসে কয়েক দশকের প্রথা ভেঙে শি চিনপিংকে তৃতীয় মেয়াদে ক্ষমতা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত পেইচিংয়ে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হলে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। কমিউনিস্ট পার্টির কংগ্রেস সামনে রেখে রাস্তায় রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনস্থলের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে আধাসামরিক পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।