রাত পোহালে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। শ্রীলংকার সঙ্গে নামিবিয়ার বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের অস্টম আসরটি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। তবে টুর্নামেন্ট শুরুর ১৬ দলের অধিনায়কদের এক ফ্রেমে বন্দী করেছে আইসিসি।
বিশ্বকাপের বল মাঠে গড়ানোর আগে আজ ১৬ দলের অধিনায়করা এক হয়ে ‘ক্যাপ্টেনস ডে’ তে অংশ নেন। এসময় অধিনায়করা বিশ্বকাপের আয়োজন ও নিজ নিজ দলের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
আইসিসির অফিসিয়াল পেজে এক ফ্রেমে সব অধিনায়কের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে টুইট করে আইসিসি লিখেছে, ‘এক ফ্রেমে সব ১৬ অধিনায়ক।’
আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে সেখানে। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল যাবে মূল পর্ব বা সুপার ১২ পর্বে। যা শুরু হবে আগামী ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। পরদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
সবশেষ বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেললেও এবার সরাসরি টুর্নামেন্টের সুপার ১২ খেলবে বাংলাদেশ।