উসমান খাজার আত্মজীবনী দিয়ে শুরু হওয়া পুরোনো স্যান্ডপেপার বিতর্ক যখন ক্যামেরন ব্যানক্রফটের দীর্ঘ লেখায় নতুন মাত্রা পেয়েছে, তখন অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন ও চাপ। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ ও ক্রিকেটের মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। সঙ্গে এও জানিয়েছে অজিদের অধিনায়ক থাকছেন প্যাট কামিন্সই।
সিডনিতে শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনার পর কামিন্সও স্পষ্ট করেছেন যে তিনি স্বাধীন ফোরামে গিয়ে নিজের অবস্থান তুলে ধরবেন এবং কঠিন আলোচনায় অংশ নেবেন, তবে এই মুহূর্তে দলকে পার্থ টেস্টের জন্য প্রস্তুত করাই তাঁর প্রধান অগ্রাধিকার।
শুক্রবার সিডনিতে প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠকে বসেন প্যাট কামিন্স। একই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটের মর্যাদা ও সংশ্লিষ্ট সবার কল্যাণ নিশ্চিত করতে জরুরি সভা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বোর্ডও। বোর্ড সভা শেষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়া পুরুষ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে ঘিরে চলমান জল্পনা-কল্পনার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের মর্যাদা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ নিশ্চিত করার পদক্ষেপ নিতে সিএ বোর্ড বৈঠকে বসেছিল। এই বৈঠকের অংশ হিসেবে, তাঁর পদ নিয়ে চলমান জল্পনার মাঝেও অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’
ব্যানক্রফটের লেখার পর কামিন্সের সততা নিয়ে যেসব ইঙ্গিত ও সমালোচনা হচ্ছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন। পাশাপাশি ২০১৮ সালের ঘটনা নতুন করে খতিয়ে দেখতে ঘোষিত স্বাধীন ফোরামে সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে খোলামেলা কথা বলার আহ্বান জানান তিনি।
বোর্ডের অবস্থান ব্যাখ্যা করে ডেভিড বুন বলেন, ‘আমরা অত্যন্ত নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে এই কঠিন সময়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে এগিয়ে নিতে এবং সবার কথা শুনতে ও শিখতে পুরোপুরি বদ্ধপরিকর। এই সপ্তাহে আমরা যে স্বাধীন ফোরামের ঘোষণা দিয়েছি, তার উদ্দেশ্যও সেটিই এবং বোর্ড সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে সেখানে তাদের গল্প বলতে ও আলোচনা করতে উৎসাহিত করছে। আমরা যথাসময়ে এর কার্যপরিধি প্রকাশ করব। আমরা প্যাটকে আমাদের সমর্থনের কথা জানিয়েছি এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা ক্ষুণ্ন হয়েছে, এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’
বোর্ডের এই জোরালো সমর্থনের পর ব্যানক্রফটের বৃহস্পতিবারের লেখার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন কামিন্স নিজেও। ঘোষিত স্বাধীন ফোরামে অংশ নেওয়ার কথা নিশ্চিত করে তিনি স্বীকার করেছেন যে সেখানে অনেক কঠিন আলোচনার মুখোমুখি হতে হবে, তবে আপাতত তাঁর সব মনোযোগ আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ঘিরেই।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করে কামিন্স বলেন, ‘শুক্রবার ডেভিড ও টডের সঙ্গে কথা বলাটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সঙ্গে বিশাল এক দায়িত্ব জড়িয়ে থাকে। আমি কখনোই তা হালকাভাবে নিইনি এবং নেবও না। এই পুরো পরিস্থিতির মধ্য দিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার মতো খুব কঠিন কাজ করছেন ডেভিড ও টড; আমার এবং ২০১৮ সালের অনেক খেলোয়াড় ও স্টাফের কাছে পৌঁছানোর জন্য আমি তাদের প্রশংসা করি। আমি শতভাগ এই ফোরামকে সমর্থন করি। আমি সেখানে থাকব। আমি যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে কথা বলেছি, তারা সবাই সেখানে যেতে এবং নিজেদের কথা বলতে খুব আগ্রহী। সেখানে অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন। এ ছাড়া, এই মুহূর্ত থেকে পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই হবে আমার মূল লক্ষ্য ও অগ্রাধিকার।’
কামিন্সের প্রতি বোর্ডের এই সমর্থনের আগেই সতীর্থ পেসার জশ হ্যাজলউড তাঁকে ‘মহান নেতা’ আখ্যা দিয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে, কামিন্স অধিনায়কত্ব হারালে তিনিও দলে নিজের জায়গা নিয়ে নতুন করে ভাববেন। অন্যদিকে গত কয়েক সপ্তাহ ধরে কামিন্সের বাড়ির সামনে টিভি ক্যামেরার ভিড় এবং ব্যানক্রফটের লেখায় বারবার নাম আসা সাবেক কোচ ড্যারেন লেহম্যানের মানসিক বিপর্যয়ের কথা সামনে আসায় সংশ্লিষ্ট সবার মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড।
পুরো বিতর্কটির সূত্রপাত হয়েছিল দুই সপ্তাহ আগে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের মাধ্যমে, যার জেরে গত সপ্তাহে ৬৮ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের কথা সবাই জানত, এমন তথ্য ‘শতভাগ ভুল’। সেই সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়েই বৃহস্পতিবার দীর্ঘ লেখা প্রকাশ করেন ব্যানক্রফট, যেখানে তিনি জানান কামিন্সের বক্তব্য তাঁকে ‘ক্ষুব্ধ, প্রতারিত ও একা’ অনুভব করিয়েছে এবং বড় অক্ষরে লেখেন, ‘আমরা সবাই জানতাম’; যদিও রিভার্স সুইং নিয়ে বোলারদের সঙ্গে আলোচনার কথা বললেও কামিন্স বা পেস আক্রমণের কেউ সুনির্দিষ্টভাবে স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেন, এমন সরাসরি প্রমাণ তিনি দেননি এবং পরদিন নিজেও স্বাধীন ফোরামে থাকার কথা জানান।
এর আগে কামিন্সের এজেন্ট নিল ম্যাক্সওয়েলও এই ‘উন্মাদনা’ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। খাজা, ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্সরা নতুন করে মুখ খুললেও ফ্রন্টলাইন বোলিং আক্রমণের মধ্যে কেবল নাথান লায়ন এখনো নীরব রয়েছেন, আর মিচেল মার্শ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রশ্ন এড়িয়ে গেছেন। শেফিল্ড শিল্ডের পরের রাউন্ড শেষে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা হওয়ার কথা থাকলেও তার আগে স্বাধীন ফোরাম বসার সম্ভাবনা কম; তবু মাঠের বাইরের এই ঝড় সামলে আপাতত পার্থ টেস্টেই চোখ রাখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
বিশ্বকাপের অভিজ্ঞতায় ম্যানইউকে বদলাতে চান পচেত্তিনো