তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৪০

তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর লাগোয়া বার্তিন প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছে। খনিতে শুক্রবারের বিস্ফোরণে নিখোঁজ একজন শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু জানিয়েছেন। তিনি বলেছেন, বার্তিন প্রদেশের কয়লা খনিতে বিস্ফোরণের সময় সেখানে ১১০ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীরা ৫৮ শ্রমিককে উদ্ধার করেছে। দেশটির জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ জানান, কয়লাখনিটির অন্তত ৩৫০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটেছে। তবে খনির আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে। খনি শীতলকরণের প্রচেষ্টা অব্যাহত আছে। প্রাথমিকভাবে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কে এখন পর্যন্ত ভয়াবহ কয়লাখনি বিপর্যয় ঘটেছিল ২০১৪ সালে। ওই বছর দূরে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সোমায় কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩০১ খনি শ্রমিকের প্রাণহানি ঘটে।