ইউক্রেনকে মানবিক সহায়তার ঘোষণা সৌদির

মানবিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ৯ মাস ধরে চলমান যুদ্ধে এই প্রথম ইউক্রেনকে সরাসরি কোনো আর্থিক সহায়তার ঘোষণা দিল সৌদি আরব।

এসপিএর প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি যুবরাজ। সে সময়ই ইউক্রেনে এই আর্থিক সহায়তা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের তীব্রতা কমিয়ে আনা এবং কূটনৈতিক আলাপ-আলোচনা, তৎপরতার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যাবতীয় মতপার্থক্য দূর করতে নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাবে সৌদি আরব।’ জবাবে সৌদি যুবরাজকে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর পদ পাওয়া উপলক্ষে অভিনন্দন জানান জেলেনস্কি। পাশাপাশি, জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ায় ধন্যবাদও জানান।

এ ব্যাপারে মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘সৌদি আরব বরাবরই জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ বিষয়ে দেশটির দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে।’