ডি মারিয়া-দিবালার চোট নিয়ে দুশ্চিন্তায় মেসি

চোটের কারণে মেসি খেলতে পারেননি পিএসজির শেষ দুই ম্যাচে। কোচ গালতিয়ের ইঙ্গিত দিয়েছেন পরের ম্যাচেই (আজ) ফিরতে পারেন মেসি। ক্লাবের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকলেও মেসির ভাবনায় ঠিকই আছে জাতীয় দল ও বিশ্বকাপ। জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার চোট ভাবাচ্ছে মেসিকে। কাতার বিশ্বকাপের আগে দুই সতীর্থের সুস্থ হওয়ার প্রার্থনা করছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এক সাক্ষাৎকারে মেসি আশা প্রকাশ করেন, প্রত্যাশিত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন দিবালা ও ডি মারিয়া। ‘বিষয়টা দুশ্চিন্তার, কারণ এটা ভিন্ন এক বিশ্বকাপ। ভিন্ন সময়ে খেলতে হবে এবং আমরা এর খুব কাছাকাছি সময়ে আছি। এখন খুব ছোট সমস্যাও একজন খেলোয়াড়কে ছিটকে দিতে পারে। আশা করি দুজনই সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপের আগে সেরে উঠতে তাদের হাতে যথেষ্ট সময় আছে। আশা করি আমরা সবাই সুস্থ শরীরে সেখানে যাব।’ নভেম্বরের শুরুর দিকে মাঠে ফেরার সম্ভাবনা আছে ডি মারিয়ার। দিবালা কবে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানায়নি তার ক্লাব রোমা। ফরাসি লিগে পিএসজি আজ খেলবে মার্শেইয়ের বিপক্ষে। এ দুই দলের ম্যাচকে বলা হয় লে ক্লাসিক। লিগে সবশেষ ম্যাচে গোলশূন্য ড্র করেন মেসিরা। তবু পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। মার্শেই আছে তিনে। মেসি শুক্রবার সবার সঙ্গে অনুশীলনে ফিরেছেন। আরও এক সেশন অনুশীলনের পর বোঝা যাবে। তবে আজ তিনি খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।