মাদারীপুরের শিবচরে বাড়ির উঠানে গাছের চারা রোপণ করাকে কেন্দ্র করে হামলায় আলেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম ওই এলাকার মৃত শফি হাওলাদারের স্ত্রী।
এ ঘটনায় আশরাফ ভক্ত (৫৫) ও লিটন সরদার (১৮) নামে দুইজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
আটক আশরাফ ভক্ত একই এলাকার মৃত আবুল হাশেম ভক্তের ছেলে। লিটন সরদার একই ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের বারেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সাথে পার্শ্ববর্তী জব্বার হাওলাদারের দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।
এরই সূত্র ধরে রবিবার সকালে জব্বার হাওলাদারের সাথে হায়দারের মা আলেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসে আলেয়া বেগমের উপর হামলা চালান ও ঘরবাড়ি ভাংচুর করেন।
এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের দ্বন্দ্ব চলছিল। চারা গাছ লাগানো নিয়ে সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এর আগে ২ পক্ষের দ্বন্দ্বে একাধিক হামলা মামলা সংঘটিত হয়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাত বলেন, গাছের চারা লাগানো নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিবচর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।