চোটে বিশ্বকাপ শেষ ব্রাজিলের তারকা মিডফিল্ডারের

ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৩ দিন। কাতারে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের বড় দলগুলোর চিন্তার বড় জায়গাজুড়ে এখন তারকা খেলোয়াড়রা। তাদের চোট থেকে বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ এখন। ইনজুরিতে পড়লেই তো সর্বনাশ। তবে এবার ফুটবলের এই বিশ্ব যজ্ঞের আগেই শুরু হয়ে গেছে বিভিন্ন দেশের লিগ খেলার মৌসুম। তাতে চোট প্রবণতা বেড়ে চলছে। এমন সময়ে ব্রাজিল দলের জন্য এল খারাপ খবর।

চোটে আক্রান্ত হয়েছেন ব্রাজিল মিডফিল্ডার আর্থার মেলো। উরুতে গুরুতর চোট নিয়ে মেলো ছিটকে গেছেন কাতার বিশ্বকাপ থেকে। প্রিমিয়ার লিগে তিনি খেলেন লিভারপুলের হয়ে। তিনি নিজেই জানিয়েছেন, কাতার বিশ্বকাপে এবার আর খেলা হবে না। নিজের ইন্সটাগ্রামে একটি বিবৃতি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন।

ইনস্টাগ্রামে আর্থার মেলো লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন আমার বাঁ-পায়ের উরুতে চোট রয়েছে। আর সে কারণেই আমাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এমন সময়ে ঘটনাটা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। কঠোর পরিশ্রম এবং অনেক সময় দেওয়ার পরই আমি আমার নতুন দলে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব। আমার স্বপ্ন হল বিশ্বকাপে খেলা।'

মেলোর ব্রাজিলের হয়ে অভিষেক ২০১৮ সালে। এরপর থেকে জাতীয় দলের হয়ে ২২টি ম্যাচ খেলে ফেলেছে। গত মৌসুমে খেলেছিলেন জুভেন্টাসের হয়ে। এই মৌসুমে তিনি খেলছেন লিভারপুলের হয়ে। জুভেন্টাস থেকে লিভারপুল তাকে নিয়েছে ধারে।