মুশফিকের সঙ্গে ফিরেছেন ‘এ’ দলের খেলোয়াড়রাও

আজ থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ড দিয়ে মাঠে ফিরবেন মুশফিকুর রহিম। দুবাইতে এশিয়া কাপের ম্যাচের পর আর কোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভিসা জটিলতায় তামিলনাড়ু যাত্রা পিছিয়ে যাওয়ায় বিসিবি একাদশের খেলোয়াড়রাও যোগ দিয়েছেন নিজ নিজ বিভাগীয় দলে।

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেও মুশফিক অনুশীলন বন্ধ করেননি। কিন্তু শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ব্যক্তিগত অনুশীলনের সময় পা কেটে যায় তার, লেগেছিল একাধিক সেলাই। সেই চোট আর খানিকটা পারিবারিক ব্যস্ততায় রাজশাহী বিভাগের হয়ে প্রথম ম্যাচটা খেলতে পারেননি মুশফিক।

তবে আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচটায় খেলছেন তিনি। নিশ্চিত করেছেন রাজশাহী দলের ম্যানেজার বিদ্যুৎ। একই সঙ্গে বিসিবি একাদশে থাকায় প্রথম ম্যাচ খেলতে না পারা তৌহিদ হৃদয়ও ফিরেছেন দলে।

মিরপুরে চট্টগ্রাম বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ। চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচটা খেলেছেন তামিম ইকবাল, খেলবেন দ্বিতীয় ম্যাচেও। প্রথম ম্যাচে সিলেটের কাছে ৯ উইকেটে হেরেছিল চট্টগ্রাম, তামিম দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৩১ আর ২০ রান। আজ থেকে শুরু হওয়া রংপুরের বিপক্ষে ম্যাচটাই এবারের জাতীয় লিগে তার শেষ ম্যাচ। সম্প্রতি থাইল্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে ফিটনেস ট্রেনিং করে আসা তামিম এই ম্যাচের পর ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নেবেন নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগ। কক্সবাজারে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। প্রথম রাউন্ডে ঢাকা ইনিংস ও ৬২ রানে হারিয়েছিল রংপুরকে, ঢাকা মেট্রো ২ উইকেটে হারিয়েছিল খুলনাকে, ড্র হয়েছিল রাজশাহী-বরিশাল ম্যাচ।