নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে অভিযান চালিয়ে একজন গুড় ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বালিততা ইসলামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সোমবার সকালে উপজেলার বালিততা ইসলামপুর বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করেন।
এ সময় সাগর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী সাগর হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ৩ হাজার কেজি ভেজাল গুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ১০ কেজি ডালডা, ২০ কেজি ফিটকিরি, ২৮০ কেজি চিটাগুড়, ২ কেজি টেক্সটাইল কেমিক্যাল রং এবং ৫ কেজি চুন জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, সাধারণ জনগণের মাঝে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।