দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৈদ্যুতিক তারের সাথে লেগে থাকা দোকানের ছাদের রড সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেছে আব্দুস ছালামের (৫৮)। তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়া নশীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধাওয়া বাজারে আব্দুস ছালামের ছেলের দোকান রয়েছে। দোকানে ছাদে সন্ধ্যা সময় হাঁটাহাঁটি করছিলেন আব্দুস ছালাম। এসময় বিদ্যুতের তারের সাথে দোকানের ছাদের একটি রড আটকে থাকতে দেখেন। সেটি হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদ আল হাসান জানান, তাকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাম হাতসহ শরীরের বাম পাশ ঝলসে গেছে। তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আব্দুস ছালামের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।