জামালপুর জেলার মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভা, ফুলকোচ ও আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (১৭ অক্টোবর) রাতে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম না করে দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে নিজে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় ঐক্য বিনষ্ট ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৪৭-এর ১১ ধারায় উপজেলার তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
বহিষ্কৃত নেতারা হলেন- হাজরাবাড়ী পৌরসভার মেয়র পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আদ্রা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম চাঁন ও ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাহিদা খাতুন।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, নির্বাচনে সংগঠনের কোনো নেতা বহিষ্কৃত নেতাদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।