ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এক মাস ক্রিকেট থেকে দূরে রানা

ফেইসবুকে স্ট্যাটাস লিখে এক মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে চট্টগ্রাম বিভাগের পেসার মেহেদি হাসান রানাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদীয়মান এই পেসারের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্রিকেট বোর্ডের একজন পরিচালক জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের কারণে রানার এই শাস্তি। বিসিবির আচরণবিধি অনুযায়ী রানার শাস্তির মেয়াদ ৭ মাস থেকে ১ বছর হলেও প্রথম অপরাধ ও কম বয়স বিবেচনা করে এবং রানা ক্ষমাপ্রার্থনা করায় তার শাস্তির মেয়াদ কমিয়ে মাত্র ১ মাসে নামিয়ে আনা হয়েছে।

গত ১১ অক্টোর ২৫ বছর বয়সী এই পেসারের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছিলেন নিজের হতাশার কথা। জানিয়েছিলেন, জাতীয় দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ ও একজন নির্বাচকের উপেক্ষার কথা।

রানা তার ওই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘কিছুদিন আগের কথা; আমি ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি। ....আসলেই যোগ্য মানুষগুলো যদি যোগ্য জায়গায় না থাকে, তাহলে ক্রিকেট কোনো দিন উন্নতি করবে না।’

পরে সেই স্ট্যাটাস অবশ্য মুছে ফেলেন রানা। তবে বিসিবির কাছে পৌঁছে যায় রানার এই কা-কীর্তির খবর। তাই গতকাল বিসিবি কার্যালয়ে ডেকে সতর্ক করা হয় রানাকে, সেই সঙ্গে তাকে ১ মাস বিসিবি আয়োজিত ক্রিকেটের বাইরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। জাতীয় লিগে চট্টগ্রামের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন রানা, কাল থেকে শুরু হওয়া রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচে চট্টগ্রাম দলে তাকে রাখা হয়নি।