নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরিদুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাইওয়ে থানার পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরিদুল উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সুকাশ ইউনিয়নের ১নং ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
জানা গেছে, দীর্ঘদিন থেকে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম। প্রায় দুই দশকের বেশি সময় ধরে দুপক্ষের সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছে।
সম্প্রতি দু পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর বামিহাল গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে ফরিদুল ইসলাম পলাতক ছিলেন।
সম্প্রতি সিংড়ার বামিহালে দুই হত্যা মামলার আসামি ছিলেন তিনি।