চোট যেন পিছুই ছাড়ছে না শ্রীলংকা দলের। বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে দিলশান মাধুশাংকার। তার প্রভাব পড়েছে প্রথম ম্যাচেও। নামিবিয়ার সঙ্গে হেরে গেছে তারা। যদিও সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে রানরেট বাড়িয়ে নিয়েছে। কিন্তু এরই মধ্যে এলো আরেক দুঃসংবাদ। চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরেক পেসার দুসমন্ত চামিরার।
ক্রিকেটে ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। তারা লিখেছে, গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটায় লংকানরা পাবে না দলের পেস আক্রমণের সেরা অস্ত্র দুশমন্ত চামিরাকে। শুধু এই ম্যাচ নয়, কাফের (পায়ে) ইনজুরিতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে চামিরার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে রয়েছে। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে লংকানরা। এখন গ্রুপের শেষ ম্যাচে তাদের নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে। রানরেটটা ঠিক থাকলে সুপার টুয়েলভে নাম লেখাবে দাসুন শানাকার দল।
এই চোটেই এশিয়া কাপ মিস করেছিলেন চামিরা। এরপর ফিট হয়ে উঠলে তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করে লঙ্কানরা। কিন্তু পুরোনো চোট পিছু ছাড়েনি। ৩০ বছর বয়সী এই পেসার জিলংয়ে আরব আমিরাতের বিপক্ষে শ্রীলংকার ৭৯ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
কিন্তু ওই ম্যাচেই নিজের স্পেলের শেষ ওভার করতে গিয়ে চোট টের পান চামিরা। মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত এলো দুঃসংবাদ।