টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের অষ্টম আসর অস্ট্রেলিয়ায় হওয়াতে দারুণ উচ্ছসিত টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই দেশেতেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল লাল-সুবুজ। যদিও সেটা ছিল ওয়ানডে সংস্করণের।
তবে এবার ভিন্ন ফরম্যাটের। যেখানে আবার সাম্প্রতিক ফর্ম নিয়ে হচ্ছে নানা আলোচনায়। সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে টাইগার ব্যাটার-পেসার ও ফিল্ডারদের। তবুও অস্ট্রেলিয়া হওয়া সুখস্মৃতি মনে করে ভালো কিছুর আশা সাবেক অধিনায়ক মাশরাফির, ‘অস্ট্রেলিয়ায় ২০১৫ বিশ্বকাপ খেলেছি, যদিও ৫০ ওভারের বিশ্বকাপ। আমরা কোয়ার্টার ফাইনালও খেলেছিলাম। অস্ট্রেলিয়ায় আমাদের ভালোকিছু স্মৃতিও আছে। আমি আশা করছি, আমরা ভালো করব। কারণ আমাদের সেই সামর্থ্য আছে।’
বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে টাইগারদের দিয়ে। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে সবশেষ ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত চলেছে যাচাই-বাছাই। এরমধ্যে জিম্বাবুয়েতে সিরিজ হার, এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বাদ। তারপর প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের সিরিজ জিতলেও টাইগারদের ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। যার ছাপ পড়েছে ত্রিদেশীয় সিরিজেও।
এসব বিষয়ে জানতে চাওয়া হলে ব্যস্ততায় ক্রিকেট দেখার সুযোগ পাননি বলে গণমাধ্যমকর্মীদের মাশরাফি বলেন, ‘আমি ক্রিকেট খেলা দেখার সুযোগ পাইনি। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’
মাশরাফি যোগ করেন, ‘কিন্তু যে কথাগুলো হচ্ছে অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, আমার মনে হয় তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’
বিশ্বাকাপের আগে মানসিকভাবে ফ্রেশ থাকা উচিতি জানিয়ে ম্যাশ বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’