ধর্ষণের ১৯ বছর পর ফাঁসির আসামি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৯ বছর ধরে পলাতক ফাঁসির আসামি আলী নবী ওরফে লাতু মিয়াকে (৫৫) গত মঙ্গলবার রাতে ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামে। আদালত ফাঁসির রায় দেওয়ার পর ঢাকায় একটি মাজারে আত্মগোপন করেছিলেন তিনি।

২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের একটি বাড়িতে ঘরের দরজা ভেঙে বিধবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় মেয়েটির মা পরদিন সোনাগাজী থানায় মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও লাতু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও লাতু মিয়াকে মৃত্যুদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানা এবং অন্যজনকে খালাসের আদেশ দেয়। ২০০৩ সালে ধর্ষণের এ ঘটনার পর কিছুদিন কারাগারে ছিলেন আসামিরা। জামিন পেয়ে লাতু মিয়া পালিয়ে যান। পলাতক জীবনে তিনি নিজেকে আলী নবী হিসেবে পরিচয় দিতেন। ঢাকার দক্ষিণ বাড্ডা লিংক রোড থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে গতকাল বুধবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।