অস্ত্রোপচারের সোয়া ৪ ঘণ্টা পর সেলাই প্রসূতির মৃত্যু

সন্তান জন্মদানের জন্য হাসপাতালে নিয়ে গেলে প্রসূতির অস্ত্রোপচার (এপিসিওটমি) করেন কর্তব্যরত নার্স। কিন্তু কাটা স্থান সেলাই করেন সোয়া চার ঘণ্টা পর। ততক্ষণে রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতির। নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার দুপুরে এমন ঘটনা ঘটেছে। তবে নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে।

ভুক্তভোগী প্রসূতির নাম শিখা আক্তার (২২)। তিনি আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের সজীব মিয়ার স্ত্রী। শিখার বাবার বাড়ি বারহাট্টা উপজেলার সদর উপজেলার মোহনপুর গ্রামে।

শিখার চাচি কল্পনা আক্তার বলেন, সকাল ৬টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই শিখাকে। পৌনে ৭টার দিকে সিজারে তার সন্তানের জন্ম হয়। এরপর সেলাই না করেই অবহেলায় প্রসূতিকে ফেলে রাখা হলে কাটা স্থান থেকে রক্তক্ষরণ চলতেই থাকে। অবশেষে বেলা ১১টায় সেই কাটা জায়গা সেলাই করেন নার্স। কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে এর কিছুক্ষণ পর মারা যায় শিখা। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।