ওয়াসার ভারপ্রাপ্ত এমডিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদ

ঢাকা ওয়াসার অনিয়ম, দুর্নীতি ও নিয়োগবাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের অনুসন্ধান দল। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।

দুদক সূত্র জানায়, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগবাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে সহিদ উদ্দিনকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক হলেও বর্তমানে এমডির দায়িত্ব পালন করছেন। এমডি তাকসিম বর্তমানে ছুটিতে আছেন।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক প্রধান কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সহিদ উদ্দিন বলেন, ‘আমি কোনো দুর্নীতি দেখি না, আসলে দুর্নীতির কোনো সুযোগ নেই। প্রতিটি প্রকল্পে কনসালট্যান্ট থাকে। তারাই দেখাশোনা করেন। তাদের দায়িত্ব প্রকল্পের কাজ শেষ করা। তাদের সুপারিশেই ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে। এর বাইরে এক টাকাও দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদে যা যা জানতে চাওয়া হয়েছে, দুদক কর্মকর্তাকে তা বলেছি।’

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সহিদ উদ্দিন দুদকে আসেন। এরপর ঢাকা ওয়াসার কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকেও জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধান দল।

গত ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলীসহ সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তলব করা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতি সুবিধা নিয়েছেন।